প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে বললেন প্রধানমন্ত্রী

১১ ডিসেম্বর, ২০২১ ২১:০১  
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার তাগিদ দিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শত বছর পর পর বিশ্বে শিল্পে বিবর্তন দেখা যায়। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রযুক্তি যেন সবাই সমান ব্যবহার করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। উন্নত দেশগুলোর দায়িত্ব রয়েছে এ ক্ষেত্রে।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনের সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সম্মেলনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে চলতে হবে। শিল্পায়ন আমাদের প্রয়োজন। কৃষিও আমাদের প্রয়োজন। কাজেই কৃষি ও শিল্প দুটোই আমাদের প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এগোতে হচ্ছে।’ সম্মেলনের সমাপনী দিনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানপ্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য রাখেন। শুক্রবার বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।